তিন তসবি আদায় শেষে
মোড়ের দোকানে জান্নাতি মেহমান।
হাকিমপুরি জর্দায় জাবর কেটে
হাতে হাতে তুলে দেন হুর-গেলমান।
অথচ, এসব কিচ্ছা শোনে নাই
চীনে উইঘু’র নিপীড়িত মুসলমান।
দীন কায়েমে সুদীর্ঘ মোনাজাত
দিকে দিকে ধ্বনিত আল্লাহ মেহেরবান।
আল্লামা নামে আলোকিত মঞ্চে
ভেতরে আঁধার নিয়ে শ্রেষ্ঠ কমেডিয়ান।
কোথায় হারাল আদিম বসতি
জানে না তা রক্তস্নাত আরাকান।
তোমার সঞ্চয়ে সোনালি অতীত
আছে খালিদের মত দিগ্বিজয়ী বীর!
আজ কেন এই পশ্চাদপসরণ
কোনোখানে যেন তুলতে পারো না শির।
বাতিলের কাছে সপে দিলে
গর্বিত মালিকানা ভূস্বর্গ কাশ্মীর!
ওইদিকে ফিলিস্তিন ইয়েমেনে
যুদ্ধের নামে দিনরাত ঝরে তরতাজা ফুল,
কাকের মাংস খাচ্ছে কাকে
কেন দেখেশুনে বলো ভাঙে না তোমার ভুল!
অথচ, তুমিও এক দেয়ালের ইট
তোমার অন্তরেও মরে গেছে তাওহীদি মূল।
আমাদেরও লম্বা জুব্বা দাড়ি,
ইসলামি সাজে আমরাও ধরেছি ভেক।
আসলে মুসলিম নেই কোত্থাও
বড়জোর পাবে দেড়শোকোটি মুনাফেক।




