সুপ্রিয় পাঠক,
আমরা আন্তরিকভাবে দুঃখিত ও লজ্জিত!
ভুল ছিল আরাকানে রোহিঙ্গা নির্যাতনের সচিত্র প্রতিবেদন।
দেশি বিদেশি স্বনামধন্য দৈনিকের পক্ষ থেকে
আমরা করজোড়ে ক্ষমা প্রার্থী!
মায়ের গর্ভ চিরে যেসব শিশুকে আছড়ে মারা হয়েছিল,
তারা ছিল আত্মগোপনে থাকা টেরোরিস্ট।
মগ সেনাক্যাম্পে যে মেয়েটি পালাক্রমে ধর্ষিত সাতচল্লিশ দিন।
যার সর্বাঙ্গে গলিত মোম ঢেলে উলকি এঁকেছিল হায়েনারা,
আসলে সে মধ্যপ্রাচ্য ফেরত জলবসন্তের রোগী।
রক্তবর্ণ যে নাফ নদী দেখেছেন যান্ত্রিক স্থিরচিত্রে,
সেসব ছিল উৎসবে ব্যবহৃত কৃত্রিম রঙ।
নর্দমা ও নদীতে ভাসমান লাশ গুলো মানুষের নয়,
জলোচ্ছ্বাসে ভেসে আসা সাঁতার না জানা বন্য প্রাণীর।
ঐ দেশে জীব হত্যা মহাপাপ!মানুষ ত কখনোই নয়!
হিমালয়ের মত সুউচ্চ যে অগ্নিশিখা আপনারা দেখেছেন,
ওসব কারো ঘরবাড়ি নয়,হলিউড সিনেমার সেট।
টুকরোটুকরো যে মানবদেহ গুলো দেখেছেন শকুনের ঠোঁটে,
ওসব বিজ্ঞানের অবদান প্রযুক্তির কারসাজি।
অতি অদূরেই আমরা শোনাব লেটেস্ট নিউজ,
আরাকানে কোন রোহিঙ্গা বসতি নেই,ছিল না কোনদিন।।


