
আর মাত্র কয়েকটি দিন। তারপর তোমার সমস্ত দুঃখ শেষ। ছোটবেলায় খিদের যন্ত্রণায় ছটফট করেছি, একটু ভাত দাও ভাত দাও করে কতটা কেঁদেছি। আমার অভাব পূরণ করতে পাশের বাড়ি থেকে উচ্ছিষ্ট চাউল ভাঙা এনে আমায় ভাত করে দিয়েছো। আমি ভুলিনি মা। তুমি খেয়েছো কি না জানতে চায়নি। একবার অসুস্থ হয়েছিলে আমি খাবো খাবো করে তোমায় উতলা করে ফেলেছিলাম, তুমি অনর্থক আমাকে শান্ত্বনা দিয়ে বলেছিলে বাবা বিরিয়ানি নিয়ে আসবে। মা সেদিন সত্যি কি বাবা বিরিয়ানি এনেছিল?
আজ তোমাকে আশ্বাস দেবো না। আমাকে বিরিয়ানি খাওয়ানোর মত কথা বলে ঘুম পাড়ানোর গল্প শুনাবো না। তোমার ছেলে অনেক বড় হয়েছে। তুমি আজ সবার কাছে অসহায় কিন্তু আমার কাছে তুমি আমার সেই মা।
যার পাশে সবসময় ঘুরঘুর করতাম আঁচল থেকে ২ টাকা খুলে দেবে বলে।
আজ কেন মা আমার জন্য ২ টাকা রাখো না? আমি অনেক বড় হয়ে গেছি তোমার কাছে তাই মনে হয়। কিন্তু তুমি বুঝোনা তোমার আঁচলের ২ টাকার মধ্যে যে স্বাদ পায়, সেই স্বাদ আমার নিজের উপার্জন করা ১০০০০ টাকার মধ্যে নেই।
পুকুরে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে বেশি সময় থাকার সুযোগ আমার হতো না। লাঠি নিয়ে তাড়া করতে। পড়ার সময় চুপটি করে থাকলে আমায় বকা দিতে। অথচ খাবার খাওয়ার সময় মাছের মুড়ো আমার পাতেই দিতে। তোমার শাসন ছোট্টবেলায় তীক্ততা সৃষ্টি করলেও, আজ বুঝি- ওসব ছিল আমাকে মানুষের মত মানুষ করার কৌশল।
কতরাত তোমাকে কাঁদিয়েছি আমার জানার বাইরে।
আজ তোমাকে ভালোবাসতে বড্ড ইচ্ছে করে। কিভাবে শুরু করবো ভেবে পাচ্ছিনা।
তুমি আজ অথর্ব পাথরের মত বিছানায় পড়ে আছো। তোমার জোয়ান ছেলেগুলো থাকতে আজও তোমায় একার মত পথ চলতে হয়। এটা আমার মত ছেলের জন্য বড্ড অপমানের।
তুমি শুধু বৌমা বৌমা করো। আমি ওটাতেই দ্বীমত। পরের মেয়ে কখনও আপন হয় দেখেছো? আমার ভয় হয় এখানেই- যদি পরের মেয়ে এসে তোমার কাছ থেকে আমাকে ছিনিয়ে নিয়ে যায়। তোমাকে আমি কষ্ট একদমই দিতে চাই না।
বিয়ে করার পর বেতনের টাকাটা তোমার বৌমার হাতেই তুলে দিতে হবে। এটা সংসারের নিয়ম। একাজ আমার দ্বারা হবে না মা। এজন্য বলি বিয়ে বিয়ে করে আমার পেছনে পড়ে থেকো না।তাতেকরে তোমার থেকে আমার কষ্টটায় বেশি বোধ করবো। বাবারও বয়স হয়েছে, এখন বিশ্রাম দেবার সময়। আমার উপর বিশ্বাস রাখ মা আমি পারবো। এতদিন তোমাদের মত করে আমাকে সাজানোর চেষ্টা করেছো। এখন নিজের মত করে খেয়ে পড়ে বেঁচে আছি। তোমাদেরকে আমার মত করে সাজানোর পরিবেশ এখনও আমার হয়ে ওঠে নি। এইতো আর মাত্র কয়েকটা দিন ব্যাস। ১০ বছরে তোমাদের কাছ ছাড়া হয়ে অনেক কিছু হারিয়েছি। এবার আমার মত করে ভাবতে দাও।
আমি তোমাকে বড্ড ভালোবাসি মা। কথাটা একবার বুঝানোর সুযোগ দাও।



